দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনয়নপত্র জমাদানের প্রাক্কালে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল লাকসামের পাশাপুরে অবস্থিত আবুল কালাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, বিএনপি নেতা শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম।
এছাড়াও গুম পরিবারের সদস্য শাহরিয়ার কবির রাতুল ও রাফসান ইসলামসহ লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদ শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

