চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পোস্ট এর সময় : ১২:১০ অপরাহ্ণ , ভিজিটর : ১


নিজস্ব প্রতিবেদক:-জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোই এ সফরের প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে তাঁর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সফরের প্রথম দিনই জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ এবং প্রধানমন্ত্রীর সম্মানে জাপানি প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

চার দিনের সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর বিষয়টি।

প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি দেশটির ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর সফরসূচিতে জাইকা, জেবিআইসি ও জেট্রোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সরকারি সূত্র জানায়, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ এবং বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জ্বালানি নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। অবকাঠামো, যোগাযোগ ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *