শ্রীলঙ্কার মাটিতে যেকোনো ফরম্যাটে এই প্রথম যেমন কোনো সিরিজ জিতল টাইগাররা, একইসাথে শ্রীলঙ্কার বিপক্ষে দেশ বা দেশের বাইরে কোনো টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের।
শ্রীলঙ্কার মাটিতে বেশ কয়েবার জয়ের স্বাদ পেলেও কখনো কোনো ফরম্যাটে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। তবে সেই অপেক্ষা ফুরিয়েছে গত রাতে, আরাধ্য লঙ্কাদূর্গ জয় করেছেন তামিম-মেহেদীরা।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। শেষ ম্যাচটা তাই রূপ নেয় অলিখিত ফাইনালে। যেখানে শেষ হাসি বাংলাদেশের, স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে জিতে নিলো সিরিজ।
শ্রীলঙ্কার মাটিতে যেকোনো ফরম্যাটে এই প্রথম যেমন কোনো সিরিজ জিতল টাইগাররা, একইসাথে শ্রীলঙ্কার বিপক্ষে দেশ বা দেশের বাইরে কোনো টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের।
শ্রীলঙ্কায় ঐতিহাসিক এই সিরিজ জয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, আমরা এই সিরিজ জয় শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই।
খেলা শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে লিটন আবেগঘন কণ্ঠে বলেন, ‘যেহেতু এটি জুলাই মাস, তাই এই জয় জুলাই শহীদদের উদ্দেশে উৎসর্গ করতে চাই। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
এদিকে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ খুশি বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘যেকোনো সিরিজ জয়েই অধিনায়ক হিসেবে ভালো লাগে। তবে দেশের বাইরে জয় পাওয়া আরো গর্বের। এটা অনেক আনন্দের খবর যে আমরা শ্রীলঙ্কার মাঠে জয় তুলে নিয়েছি।’
টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কেউই ভাবেননি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারবে। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর সেই আশঙ্কা আরো প্রবল হয়েছে। তবে লিটনরা বিশ্বাস রেখেছিলেন।
লিটন বলেন, ‘আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার ভেতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব। আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা।’
তিনি যোগ করেন, ‘দল হিসেবে যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা বদলে যায়, চাঙ্গা হয়ে ওঠে সবাই।’
এদিকে লিটন দাস নিজেও ভালো অবস্থানে ছিলেন না, শেষ ১৩ ইনিংসে ছিল না কোনো ফিফটি। তবে সেই খরা কেটেছে, লিটন ফিরেছেন। এমনকি সিরিজ সেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি শতভাগ দেয়ার চেষ্টা করি। প্র্যাকটিসে হোক বা মাঠে, আমি সর্বোচ্চটা দিতে চাই। বিশ্বাসটা সবসময় ছিল। যদিও মাঝে রান পাচ্ছিলাম না, তারপরও চেষ্টা করেছি নিজের সুযোগটা কাজে লাগাতে।’

