লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র্র ঘোষিত ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রæত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং পি.আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লাকসাম মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি লাকসাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাইপাসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে জেলা সভাপতি সালাহুদ্দীন শিহাব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ এনায়েতুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রমীদ আহমাদ রায়হান। তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার পতনের পর আমরা আশা করছিলাম জুলাইয়ের চেতনাকে ধারণ করে অন্তর্র্বতীকালীন সরকার দেশ গঠন করবে। কিন্তু সরকার এখনো পর্যন্ত জুলাইয়ের চাহিদা পুরণ করতে পারেনি। এখনো পর্যন্ত সরকার জুলাই সনদ ঘোষণা করেনি। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দ্রুত জুলাই সনদ ঘোষণা সহ যাবতীয় বিষয় সমাধান করার আহ্বান জানাই।তিনি আরো বলেন, সরকার দেশে নতুন করে জঙ্গি নাটক শুরু করেছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি রেজাউল করিম আবরার সহ তরুণ তিন আলেমের বিরুদ্ধে জঙ্গি মামলা করেছে। আমরা সরকারকে জঙ্গিবাদের নামে নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার আহ্বান জানাই।
এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নূরে আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লাকসাম উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম রিফাত। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ শাহাদাত হোসাইন, সদ্য সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

