অপরাধীদের স্বর্গরাজ্য হতে দিবে না যুব আন্দোলন

পোস্ট এর সময় : ৪:৩৯ অপরাহ্ণ , ভিজিটর : ৩৪

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:-পাথর মেরে মানুষ হত্যা, দেশব্যাপী খুন-ধর্ষণ ও চাঁদাবাজির প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বাদ যোহর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি লাকসাম মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে লাকসাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সভাপতি আব্দুল মমিন মজুমদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় পাথর নিক্ষেপ করে একজনকে হত্যার ঘটনাসহ দেশজুড়ে চাঁদাবাজি, খুন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, “একটি রাজনৈতিক দল সারাদেশে চাঁদাবাজির মাধ্যমে দলীয় সন্ত্রাস কায়েম করছে। দলীয় নেতৃত্ব এসব অপরাধীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।” তারা আরও বলেন, “চাঁদাবাজ ও খুনিদের প্রশ্রয় দিয়ে যেভাবে অতীতে ফ্যাসিবাদ পতিত হয়েছে, বর্তমান নব্য ফ্যাসিবাদ সরকারের পরিণতিও হবে অনুরূপ।”
সমাবেশে বক্তারা প্রশাসনের নীরব ভূমিকাকেও কঠোরভাবে সমালোচনা করেন। তারা বলেন, “জনগণের করের টাকায় পরিচালিত প্রশাসন আজ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। এটি সরাসরি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম বলেন, “লাকসামে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজি চলবে না। ইনশাআল্লাহ, লাকসামকে অপরাধীদের স্বর্গরাজ্য বানাতে দেয়া হবে না।”

এসময় আরও উপস্থিত ছিলেন: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমদ রায়হান। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব। ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা নুরে আলম। ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নুরে আলম।এনসিপি লাকসাম উপজেলার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম। সদস্য জিসান আহমেদ, মেহেদী হাসান ও ইমান হোসেন।মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ। যুগ্ম সমন্বয়ক আদিত্য শাহরিয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *