লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পোস্ট এর সময় : ১০:৫২ পূর্বাহ্ণ , ভিজিটর : ১২

এস এ বাদশা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার লাকসামে বাড়ির পাশের পুকুরে ডুবে চাচাতো ভাই-বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তাঁর বড় ভাই দুবাইপ্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (আড়াই বছর)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। কিছুক্ষণ পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুদের স্যান্ডেল ভাসতে দেখেন স্বজনেরা। বিষয়টি দেখে পুকুরে তাদের পড়ে যাওয়ার আশঙ্কা করেন স্থানীয়রা। পরে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলি বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *