সিদ্ধিরগঞ্জে দেয়াল ধসে ব্যবসায়ী নিহত

পোস্ট এর সময় : ৪:০৩ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভবনের দেয়াল ধসে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যবসায়ীর নাম খোকন দেওয়ান (৪৫)। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা দেওয়ান বাড়ির তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, ওই এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণের জন্য খোকন দেওয়ানের মালিকানাধীন বাড়িটির কিছু অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় সিটি কর্পোরেশন। নির্দেশ মোতাবেক এক বছর আগে বাড়িটির একটি দেয়ালের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

ভবনের বাকি অংশটুকু আর ভাঙা হয়নি। মঙ্গলবার (২৮ মে) বিকেলে নিহত খোকন দেওয়ান দেয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *