বাজার সিন্ডিকেট ধরা যায় না, অধরাই থেকে যায় : পরিকল্পনামন্ত্রী

পোস্ট এর সময় : ৮:২২ অপরাহ্ণ , ভিজিটর : ১০

নিজস্ব প্রতিবেদক:-বাজারের সিন্ডিকেট ধরতে পারলে ব্যবস্থা নিতেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মার্কেটার্স ইনস্টিটিউট, বাংলাদেশের আয়োজনে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এম এ মান্নান বলেন, বাজারের সিন্ডিকেট যদি দেখতে পারতাম, ধরতে পারতাম, তাহলে ব্যবস্থা নিতে পারতাম।
কিন্তু সিন্ডিকেট ধরা যায় না, অধরা থেকে যায়। তবে তা সাময়িকভাবে বাজারের ভেতরেই থাকতে পারে। সিন্ডিকেট হয়, সিন্ডিকেট ভাঙে, আবার নতুন সিন্ডিকেট হয়।

বাজার নিয়ন্ত্রণ করার শক্তি দুনিয়ায় কারোরই নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজার নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করে।
তবে কিছু অনুষঙ্গ আছে সরবরাহ, চাহিদা। এগুলো নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। আসল প্রশ্ন হলো, একটা উদীয়মান অর্থনীতিতে সব সময় চাহিদা ও জোগানের মধ্যে অনেক পার্থক্য থাকে। স্থিতিশীল বুড়ো অর্থনীতিগুলোর বাজারে একটা ভারসাম্য আছে।

বাংলাদেশের অর্থনীতি উদীয়মান জানিয়ে এম এ মান্নান বলেন, এ ধরনের অর্থনীতিতে কিছু বিকৃতি থাকবেই, লাভ বা মুনাফার সুযোগ নেবেই। এটা মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ বা নিয়ামক সংস্থাকে বিধি-বিধান প্রয়োগ করতে হবে। আইনে যা আছে, সেটাকে মাঠে নেমে প্রয়োগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *