ক্রীড়া প্রতিবেদক : জয়াসুরিয়াকে শ্রীলঙ্কা দলের কোচ করা হয়েছিল অন্তর্বর্তী সময়ের জন্য। আগে-পিছে চিন্তা না করেই কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। প্রথম দিকে তাঁর চেষ্টা ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা দিয়ে কুশল মেন্ডিসদের গড়ে তোলার। কিংবদন্তির নিবেদনে ক্রিকেটাররাও চাঙা হলেন। হৃত গৌরব পুনরুদ্ধারে লিপ্ত হলো শ্রীলঙ্কা। সেই মিশন ছিল ভীষণ বন্ধুর। বাংলাদেশের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারা। টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া নিয়ে সমালোচনা কম হয়নি। তিক্ত সে অতীত পেছনে ফেলে শ্রীলঙ্কা এখন শক্তিশালী একটি দল। টেস্ট, ওয়ানডে, টি২০ ম্যাচে উন্নতির ছাপ রেখে চলেছে জয়াসুরিয়ার ছোঁয়ায়। বাংলাদেশের বিপক্ষেও উন্নতির প্রমাণ দিচ্ছে দলটি।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সাম্প্রতিক টি২০ পারফরম্যান্স মুগ্ধ করার মতোই, যেটা র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। আফগানিস্তান, পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম স্থান দখলে রেখেছে তারা। বাংলাদেশ সেখানে পেছনে পড়ে আছে। ছয় ম্যাচ ধরে জয়ের মুখ দেখছেন না লিটন কুমার দাসরা। তাদের বিপক্ষে আজও তাই জয়ের প্রত্যাশা স্বাগতিকদের। শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘পাল্লেকেলেতে দারুণ একটি ম্যাচ খেলেছি। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা দুর্দান্ত ছিল। সুন্দর একটা শুরু দিয়েছিল। তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলা সম্ভব হয়েছে। কালকের ম্যাচেও আমরা জিততে চাই।’
এই যে তিন অলআউট ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা, এর পেছনের কারিগর জয়াসুরিয়া। সাদামাটা একটি দলকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন প্রেরণা দিয়ে। তিনি বলেন, ‘আমি যখন দায়িত্ব নেই, তখন কোচিং অভিজ্ঞতা ছিল না। তবে কীভাবে কাজটি করতে হয় জানতাম। ট্রিপিক্যাল কোচদের মতো করেই যে কাজটি করতে হবে, তা না। আমি চেষ্টা করেছি ক্রিকেটারদের উজ্জীবিত করতে। ক্রিকেটারদের সব সময় একটা কথাই বলি, তোমরা বিশ্বের সেরা ক্রিকেটার। একাগ্রতা ও চেষ্টা দিয়ে এই পর্যায়ে এসেছ। একটি দলকে ভালো জায়গায় নিতে হলে কোচের মোটিভেট করার ক্ষমতা থাকতে হবে।’
তিনি জানান, শ্রীলঙ্কান ক্রিকেটাররা নিজেদের প্রয়োজনেই ভালো খেলছে। আজকের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা দেখতে চান তিনি। ডাম্বুলা থেকে সিরিজ জিতে রাজধানী কলম্বোতে ফিরতে চান। লঙ্কান কোচ জানেন, সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ সহজে ছাড় দেবে না। ফিল্ডিং কোচ বলেন, ‘তারা ভালো দল। সিরিজে সমতা আনতে কঠিনভাবে ফেরার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব আগের ম্যাচের চেয়ে ভালো ক্রিকেট খেলতে।’

