নির্বাচন নিয়ে বিবেকের চাপে আছি: ইসি আলমগীর

পোস্ট এর সময় : ১০:৩৬ অপরাহ্ণ , ভিজিটর : ৯

নিজস্ব সংবাদদাতা:-কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ইসি আলমগীর।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেছেন, আমাদের ওপর কেউ কোনো চাপ দেয়নি। আন্তর্জাতিকভাবেও না, স্থানীয়ভাবেও না, বা সরকারের দিক থেকেও না। আমরা আমাদের বিবেকের চাপের কাছে আছি।

আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, সভাসমাবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। প্রচলিত নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে সভাসমাবেশ করতে পারবে সবাই। এটি সবার গণতান্ত্রিক অধিকার।

তিনি বলেন, নির্বাচনে কাউকে ভোটকেন্দ্রে না যেতে বলাটাও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেটা শান্তিপূর্ণ আহ্বান হতে হবে। আক্রমণ করে বা কাউকে ভয় দেখিয়ে এ ধরনের আহ্বান জানানো যাবে না। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির বিপক্ষে নই।
রাজনৈতিক কর্মসূচি করার জন্য বর্তমানে যে নিয়ম প্রচলিত রয়েছে, সেটি ওই রকমই আছে।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের তথ্য জানিয়ে ইসি আলমগীর বলেন, সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করলেও তারা বেসমারিক কর্তৃপক্ষের অধীনে থাকবে। তাঁরা যেহেতু সশস্ত্র বাহিনী, তাদের কাজ হল দেশ রক্ষা করা, তারা সিভিল প্রশাসনকে প্রয়োজনে সহযোগিতা দেয়। নির্বাচনের সময় তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ যার হাতে অস্ত্র থাকে তাকে বিচারিক ক্ষমতা দেওয়া যায় না।
এটি শাসন ব্যবস্থার স্বীকৃত পদ্ধতি।

নির্বাচনের তফসিল আর পেছানোর সুযোগ নেই উল্লেখ করে আলমগীর বলেন, নমিনেশন পেপার দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। এরমধ্যে যে কোনো রাজনৈতিক দল এসে যদি আমাদের অনুরোধ করত, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারতাম। এই মুহূর্তে বিবেচনা করার কোনো সুযোগ নেই। কারণ সংবিধান অনুযায়ী আমাদের একটা টাইম লিমিট আছে, এই টাইমের মধ্যে আমাদের নির্বাচন করতে হবে। সে হিসেবে এখন আর কোনো সুযোগ নাই।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এতে সভাপতিত্ব করেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *