নাঙ্গলকোটে গার্ডওয়াল না দিলে
খালে ভেঙ্গে পড়বে স্কুল

পোস্ট এর সময় : ১০:৪৪ অপরাহ্ণ , ভিজিটর : ৬

জাফর আহমেদ:-নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজারের উত্তর পাশে ঘাগৈর খালপাড়ে অবস্থিত আইডিয়াল মডার্ন স্কুলটি ঘাগৈর খালে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি ঘাগৈর খালটি খনন করেছে। খনন করার পর খালপাড়ে কোন গার্ডওয়াল না থাকায় খালের পাড় ভেঙ্গে পড়ছে এবং আইডিয়াল মডার্ন স্কুলটি ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্কুলটি যেন খালের মধ্যে বিলীন না হয়, সেজন্য এখনই ওই স্থানে একটি গার্ডওয়াল নির্মাণ জরুরী বলে স্কুলে কর্মরত শিক্ষকরা জানিয়েছেন। হেসাখাল এলাকার পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দানের লক্ষ্যে এনামুল হক ও আব্দুল হান্নান সহ স্থানীয়রা ১৯৯৮ সালে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আইডিয়াল মডার্ন স্কুলটি প্রতিষ্ঠা করেন। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সাতজন শিক্ষক পাঠদান করছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম বলেন, আমি কোমলমতি শিশুদেরকে নিয়ে খুবই চিন্তিত আছি। যে কোন মুহূর্তে আমার স্কুলটি ভেঙ্গে খালে পড়ে যেতে পারে । হেসাখাল ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড মেম্বার আবুল বাশার বলেন, এখানে একটি গার্ডওয়াল দরকার এটা ঠিক আছে। আমি আমার চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করে এখানে একটি গার্ডওয়ালের ব্যবস্থা করব। শিশুদেরকে উন্নত লেখাপড়ার স্বার্থে এবং স্কুলটি রক্ষার স্বার্থে এখানে একটি গার্ড ওয়াল নির্মাণ জরুরী। স্থানীয় অনুদানে চলা স্কুলটি ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য স্কুলের সামনে ঘাগৈর খালে একটি গার্ডওয়াল নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে স্কুল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *