ধর্ষণে ধামাচাপা দিতে মা-মেয়েকে অপহরণ

পোস্ট এর সময় : ৪:০৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেলে এক তরুণীকে ধর্ষণের পর ঘটনা ধাপাচাপা দিতে ধর্ষিতা ও তার মাকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ধর্ষিতার খালা তজুমদ্দিন থানায় মামলা করেছেন।

মামলার জেরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা চর মোজাম্মেলের চরের ব্লক লিডার আ. রবকে গ্রেফতার করেছে। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষিতার খালা জানান, তার বোন ও দুলাভাই দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারের কাজিকান্দি ব্লকে বসবাস করছেন। গত ৪ মাস আগে তার ভাগ্নিকে ঘরে একে পেয়ে ওই ব্লকের লিডার আ. রব ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা তার বাবা-মাকে জানালে তাদের চর থেকে উৎখাত ও খুনের হুমকি দেয় আ. রব। এরপর বিভিন্ন সময় সুযোগ বুঝে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে সে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

তিনি জানান, বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষক আ. রব ও তার সঙ্গী কামাল জমিদার, শাহে আলম ও সেলিম গত রোববার (৯ জুন) সকালে তার বোন ও ভাগ্নিকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। একইদিন থেকে তার দুলাভাইকে চরে অবরুদ্ধ করে রাখে তারা। পরে তিনি ঘটনা জানতে পেরে তজুমদ্দিন থানায় মামলা করেছেন।

তজুমদ্দিন থানা পুলিশের ওসি মো. ফারুক আহম্মেদ জানান, ধর্ষিতার খালা চারজনকে আসামি করে মামলা করেছেন। আমরা মূলহোতা আ. রবকে গ্রেফতার করেছি। এছাড়াও ধর্ষিতা ও তার মাকে উদ্ধারে জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *