লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:-কুমিল্লার লাকসামে ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। বিশেষ আলোচক ছিলেন, হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।
ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি ডা. আবদুল মুবিনের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ইয়াছির আরাফাত, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আবুল হাশেম মোল্লা, মাওলানা বিলাল হোসাইন মালেকি ও অধ্যক্ষ মাওলানা মো. ইয়াছিন মজুমদার।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান, নৈতিক শিক্ষা এবং ইসলামের শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা গেলে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে ইসলামী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

