দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না : চরমোনাই পীর

পোস্ট এর সময় : ৭:০১ অপরাহ্ণ , ভিজিটর : ৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের মরদেহ আর দেখতে চাই না। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না।’

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইতিমধ্যে সামনে কী হতে পারে তা অনুমান করা যাচ্ছে। চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারির ঘটনাও দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন।সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা বশির আহমদ প্রমুখ। এ ছাড়াও বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম, পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা শাহ আলম ও তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার।

সমাবেশ শেষে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *