দু-একদিন পর গরমের তীব্রতা কমতে পারে

পোস্ট এর সময় : ৯:১৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৬

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু-একদিন অব্যাহত থাকবে। এরপর গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও কার্যালয়ের আবহাওয়াবিদ আবদুর রহমান আজ বলেন, আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু-একদিন অব্যাহত থাকবে।

আবদুর রহমান জানান, রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া ও মোংলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো বিস্তার লাভ করতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়াবিদ জানান।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৭১ মিলিমিটার।

রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া কার্যালয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আব্হাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *