উত্তরাতেও চালু হলো চক্রাকার বাস সার্ভিস

পোস্ট এর সময় : ৯:০০ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৫

রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রকার বাস সার্ভিসের পরে এবার উত্তরাতেও চালু হলো চক্রাকার বাস সার্ভিস।

সোমবার (২৭ মে) উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে এই চক্রাকার বাস সেবা চালু হলো।

bus

এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০টাকা। এছাড়া এর মধ্যবর্তী যেকোনো স্থানের জন্য ২০ টাকার টিকিট কিনতে হবে যাত্রীদের।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

bus

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন বলেন, গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আগে নগরবাসীকে সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে আমরা হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, হেডফোন কানে লাগিয়ে রাস্তা পারাপার করলে অথবা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে সড়কে মৃত্যুর মিছিল কখনও কমে আসবে না।

bus

সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের বিষয়। এটি আমাদের সকলের জন্য। সুস্থ, সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। আমরা সবাই একত্রে কাজ করলে, সবাই সচেতন হলে বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *