কোন সিনেমার জন্য প্রথম পরীক্ষার ক্ষেত্র হচ্ছে সেন্সর বোর্ড। এই বোর্ডের চৌকাঠ মাড়াতে পারলে তবেই আলোর মুখ দেখে সিনেমা। আর যখন সেন্সর বোর্ডের সদস্যদের কাছে কোন ছবি কিংবা ছবির কলাকুশলী প্রশংসা পায় তখন সেই ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের খুশির সীমা থাকে না। সম্প্রতি তেমনই প্রশংসা কুড়িয়ে আনকাট ছাড়পত্র পেয়েছে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। শাকিব খান এবং ইমন এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই সিনেমার চার বছর পর আবারও এই সিনেমার মাধ্যমে এক হয়েছেন।
জানা গেলো, সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে শাকিব খানের অ্যাকনের প্রশংসা করেছেন। বিশেষ করে চিত্রনায়ক ইমনের অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। রোববার ঢাকা ক্লাবে সেন্সর বোর্ডের সদস্য নির্মাতা শাহ আলম কিরণ বিষয়টি নিয়ে খোলাখুলি বললেন।
শাহ আলম কিরণ বলেন, ‘এর আগেই অন্য ছবিতে ইমনের অভিনয় দেখেছি। কিন্তু এই ছবিতে সে নিজেকে অন্যরকম ভাবে উপস্থাপন করতে পেরেছে। তাই পুরো ছবিতেই আলাদা ভাবে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে সে। ছবির অ্যাশন দৃশ্যগুলোও বেশ ভালো হয়েছে।’
এর আগে শাকিব খান নিজেও পাসওয়ার্ড ছবিতে ইমনের অভিনয়ের প্রশংসা করেছিলেন। ইমন নিজেও বেশ আশাবাদি ছবিটি নিয়ে। দর্শকরাও অধির আগ্রহে পথ চেয়ে আছেন ছবিটি দেখার জন্য। শোনা যাচ্ছে, এরই মধ্যে প্রায় ১০০টির মতো হল বুকিং শেষ হয়েছে।
ইমন বলেন, ‘আফসারী ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করে খুব ভালো লেগেছে। শিল্পী কি বলতে চান তিনি সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এতে কাজটা অনেক সহজ হয়। ছবিটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। দর্শক ছবিটি দেখে নিরাশ হবে না। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আমার বিশ্বাস তাদেরও ছবিটি ভালো লাগবে।’
‘পাসওয়ার্ড’ ছবির গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে। যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনি এগুবে। ২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। ‘পাসওয়ার্ড’ ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করলেন শাকিব খান।

