নিজস্ব প্রতিবেদক:-চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সবজির দোকানে গেলে দেখা যায় কয়েক দিন ধরে পাঁচগুণের বেশি দামে বিক্রি হচ্ছে লেবু। এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
বিক্রেতাদের দাবি, আমদানি কমে যাওয়ায় লেবুর সংকট চলছে বাজারে। এজন্য বেশি দামে লেবু কিনে তা আবার বেশি দামেই বিক্রি করতে হচ্ছে; তবে কী কারণে লেবু বাজারে উঠছে না, তা বলতে পারছেন না বিক্রেতারা।
বুধবার ও বৃহস্পতিবার সকালে উপজেলার কয়েকটি কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, কিছু দোকানে সামান্য পরিমাণে লেবু আছে। কয়েকজন ক্রেতা দরদাম করছেন। লেবুর উচ্চমূল্যের কথা শুনে চলে যাচ্ছেন অনেকেই।
রোজার শুরুতেই এভাবে হঠাৎ লেবুর দাম বাড়াতে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলছেন, রমজানে প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থা নেওয়া দরকার; তাতে ব্যবসায়ীদের অধিক মুনাফা অর্জনের চেষ্টা ব্যাহত হবে।
উপজেলার আয়নাতলী বাজারের কাঁচামালের দোকানি মো. মনির হোসেন ও নুরুল হুদা জানান, বাজারে লেবুর চাহিদা অনেক; কিন্তু লেবু তেমন আসছে না। মোকামে গিয়ে প্রয়োজনমতো মাল আনতে পারছেন না তারা। সবজি বিক্রেতা হান্নান জানান, প্রতি পিস লেবু ৪০ টাকা করে বিক্রি করছেন। সেই হিসাবে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আগে বাজারে যে লেবু আসত, এখন চাহিদা অনুসারে লেবু না আসায় দাম এত বেশি। লেবুর এ মূল্য স্বাভাবিক মূল্যের চেয়ে প্রায় পাঁচগুণের বেশি।
বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার কল ও এসএমএস দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

