শেখ হাসিনার তিন সংসদকে অবৈধ ঘোষণা করেনি সরকার

পোস্ট এর সময় : ১২:২১ অপরাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার আমলে গঠিত তিনটি সংসদকে বিএনপি অবৈধ মনে করলেও সরকার সেগুলোকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করেনি। তাঁর দাবি, সংবিধানের পুরোনো ধারাবাহিকতা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

রোববার রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি সফল করতে এনসিপির ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পুরোনো সংসদ ও সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা থেকে বেরিয়ে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার এখনো সুযোগ রয়েছে। তা না হলে ভবিষ্যতে বর্তমান সরকার ও অন্তর্বর্তী সময়ের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তাঁর ভাষ্য, সমতল থেকে পাহাড় পর্যন্ত পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে। পাহাড়ে কারা অস্থিতিশীলতা তৈরি করছে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে ভারতের সঙ্গে ‘গোপন আঁতাতের’ অভিযোগও করেন। তাঁর দাবি, এর ফলেই বিভিন্নভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পথসভায় এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। গণতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করবে। তাঁর দাবি, স্পিকার রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন; তাই তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যৌক্তিকতা স্পষ্ট নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সংবিধান রক্ষার নামে সরকারের নেওয়া পদক্ষেপও জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *