অধিকার ডেস্ক:-চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ নিতে না পারায় পরের আসরে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে শঙ্কা দেখা যায়। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই জানা গেল, ২০২৮ আসরের মূলপর্বে সরাসরিই সুযোগ পাবে বাংলাদেশ। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে সুখবর দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, চলমান বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল আগামী আসরেএ মূলপর্বে সরাসরি খেলা নিশ্চিত করেছে। একই সঙ্গে স্বাগতিক দু’টি দেশ এবং র্যাঙ্কিং থেকে আরও দু’দল সরাসরি সুযোগ ২০২৮ বিশ্বকাপে। সে হিসেবে, এবারের আসরে সুপার এইটের টিকিট পাওয়া ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেল আগামী বিশ্বকাপের টিকিট।
এবার গ্রুপপর্বে থেকেই বিদায় নিলেও, পরেরবার স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া সেবারের আরেক স্বাগতিক নিউজিল্যান্ডও সুপার এইটে ওঠায়, র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সেই তালিকাতেই এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। তাই দশম, একাদশ ও দ্বাদশ দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পাবে এ তিন দলই।
এর বাইরে টুর্নামেন্টের বাকি ৮টি দল আসবে প্রতি অঞ্চলের বাছাইপর্ব খেলে। এর মধ্যে এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি, ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে ২টি করে মোট ৪টি এবং আমেরিকা অঞ্চল থেকে আসবে ১টি দল।

