নাইজারে বন্যায় নিহত ৪৭, বাস্তুচ্যুত ৫৬ হাজারের বেশি

পোস্ট এর সময় : ১০:৩৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ৯

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বুধবার (২০ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদফতরের তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট সাত হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদিপশু মারা গেছে।’

এদিকে বন্যা প্রতিরোধের দায়িত্বে থাকা জাতীয় কমিটি জানিয়েছে, তারা তিন হাজার ৭৭৬টি পরিবারের জন্য খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে। কর্তৃপক্ষের মতে, দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সাহায্য করার জন্য সরকার ১২ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (২১.৩ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে।

বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরন পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে। শুধু ২০২৪ সালে প্রবল বৃষ্টিপাতের ফলে নাইজারের আটটি অঞ্চলে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *