এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

পোস্ট এর সময় : ১০:৩৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৮

অতিরিক্ত গতির কারণে প্রাইভেটকারটি ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরমান, রাইসা ও তানজিল। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু নঈম সিদ্দিকী।

তিনি জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো দু’জন। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।তিনি আরো জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত শুধুমাত্র নিহতদের নাম পাওয়া গেছে। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে সড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িটি হাঁসাড়া হাইওয়ে থানায় আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *