ঈদের আগে বেতন-বোনাস নিয়ে শঙ্কায় মাদরাসা শিক্ষকরা

পোস্ট এর সময় : ৪:০০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ও ঈদুল ফিতরের বোনাসের চেক ব্যাংকে পাঠানো হয়েছে গত ২৩ মে। ইতিমধ্যে তাদের অনেকে বেতন-বোনাস তুলেছেন। যারা তুলেননি নিশ্চিন্তে আছেন ঈদের আগে যে কোনো সময় তুলতে পারবেন। কিন্তু একই মান ও মর্যাদার অধিকারী ঝালকাঠি জেলার বিভিন্ন মাদরাসার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক-কর্মচারীরা আছেন অনিশ্চয়তায়। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন বেশিরভাগ শিক্ষক-কর্মচারী।

তারা জানান, তাদের বেতন-বোনাসের চেক বৃহস্পতিবার সকালে ঝালকাঠি রূপালী ব্যাংকে পৌঁছালেও ব্যাংক কর্তৃপক্ষ বেতন না ছাড়ায় ঈদুল ফিতরের আগে টাকা হাতে না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অথচ ঈদের আগে সোমবার মাত্র এক কর্মদিবস রয়েছে। এখনও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।

মাদরাসা শিক্ষা অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে ভোগান্তিতে পড়ে ঈদ আনন্দ ম্লান হতে চলছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের। মাদরাসা শিক্ষকদের অনেকেই অভিযোগ করে বলেন, ঝালকাঠি রূপালী ব্যাংকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও ঈদ বোনাসের অর্ডার আসে বৃহস্পতিবার সকালেই। কিন্তু ওই দিন ব্যাংকে কর্তৃপক্ষ বেতন না ছাড়েনি। সামনের সোমবার আর মাত্র এক কর্মদিবস। ঈদের আগে একদিনে প্রায় সাড়ে ৩ হাজার মাদরাসা শিক্ষক-কর্মচারীর বেতন-বোনাস দেয়া অসম্ভব হয়ে যাবে।

মাদরাসা শিক্ষক-কর্মচারীরা বলেন, একই দেশের বসবাস করে, একই সরকারের অধীনে থেকে কেউ উল্লাসের মধ্যে ঈদ উপভোগ করবে আবার কেউ অশ্রুসিক্ত থাকবে তা হতে পারে না। মাদরাসা শিক্ষাবান্ধব সরকারের ভাবমূর্তি নষ্ট করতে যারা চক্রান্ত কিংবা অলসতা করে এমনটি করেছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সদর উপজেলা জমিয়তুল মোদাররেছিনের সভাপতি ও নওপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবিএম গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, মাদরাসা শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকদের বেতন-ভাতা প্রদানে প্রায়ই এমন বিলম্ব হয়ে থাকে। ভবিষ্যতে যাতে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের এমন দুর্ভোগ পোহাতে না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা বিলম্বে দেয়ার কারণ সম্পর্কে জানতে রূপালী ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ব্যাংকের অফিসার চান মিয়া জানান, মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে মে মাসের বেতন ও ঈদ বোনাসের চেক আসছে। সোমবার শিক্ষকদের বেতন-বোনাস দেয়া হবে। সকাল থেকে দেয়া শুরু করে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *