১৯৭৫ থেকে ২০১৯। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ৪৪ বছরের ইতিহাসে ১১টি আসর বসেছে। বৃহস্পতিবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে দ্বাদশ বিশ্বকাপের।
ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে এদিন অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির।কেনিংটন ওভালে এদিন টস জেতার পর ইংলিশদের ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার দলপতি ফাফ ডু প্লেসি।লন্ডনের এই ম্যাচে প্রোটিয়া অধিনায়ক প্রথমেই বল তুলে দেন ইমরান তাহিরকে।
এতেই প্রথম স্পিনার হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল করার রেকর্ড গড়েন তাহির। এদিন ম্যাচের দ্বিতীয় বলেই তুলে নিলেন ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর উইকেট।বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি), মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতার।১৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ৯৬ রান। জেসন রয়ের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন জো রুট।
ইংল্যান্ড একাদশ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক) জস বাটলার (উইকেট-রক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার ও আদিল রশিদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডি ফিলহুকওয়েও, ডওয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।
