স্টাফ রিপোর্টার:-জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীতে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল শনিবার পুরানা পল্টন কালভার্ট সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির নেতাকর্মীরা। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলটির বিভিন্ন ইউনিট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নীতিনির্ধারকরা। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনা নিরসন, দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উপস্থিত থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে জাতীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। দলটির নেতাকর্মীরা বলছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে লক্ষ্যে সরকার বিরোধী আন্দোলনে আছেন দলটির নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে আন্দোলনকে গতিশীল করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন।
ঢাকার কর্মসূচিকে জোরালো করতে নগর সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে সরকারকে কঠোর হুঁশিয়ারি বার্তা দেবেন শীর্ষ নেতারা। শনিবারের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের উপস্থিতি বাড়াতেও কাজ করছেন তারা।

