নিজস্ব প্রতিবেদক:-মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট স্থাপন নিয়ে দীর্ঘদিনের জটিলতা কাটাতে সড়ক পরিবহন বিধিমালা সংশোধন করেছে সরকার। নতুন নিয়মে মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাস পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সংশোধনী অবিলম্বে কার্যকর হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালার ৩৬ নম্বর বিধির মোটরসাইকেলের নম্বরপ্লেট-সংক্রান্ত অংশে পরিবর্তন আনা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার সুযোগ থাকবে। এ ছাড়া মোটরসাইকেলের মডেল ও সামনের অংশের নকশা বিবেচনায় নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এ ক্ষেত্রে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নামের আকার, যানবাহনের শ্রেণি নির্দেশক অক্ষর, সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্বসহ নম্বরপ্লেটের বিভিন্ন মাপ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। পাশাপাশি বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিধানও যুক্ত হয়েছে, যা আলো প্রতিফলনের মাধ্যমে নম্বরপ্লেট দৃশ্যমান রাখতে সহায়তা করবে।
এতদিন মোটরসাইকেলের সামনের অংশের নকশার কারণে প্রচলিত মাপের নম্বরপ্লেট লাগানো নিয়ে সমস্যায় পড়তেন অনেক মালিক। নতুন সংশোধনীর ফলে মোটরসাইকেলের কাঠামো অনুযায়ী নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণের সুযোগ তৈরি হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সড়কে মোটরসাইকেলের পরিচয় নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রয়োগে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণের ক্ষেত্রে এটি সহায়ক হবে।
সড়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলকেও ক্যামেরার নজরদারির আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।
তবে কোন ধরনের মোটরসাইকেলে কী মাপের নম্বরপ্লেট বসবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

