টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী নিহত

পোস্ট এর সময় : ৭:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। সোমবার ভোরে নাফনদীর জাদিমুড়া সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, সোমবার ভোরে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদে টেকনাফ দমদমিয়া বিওপির নায়েক হাবিবুর রহমানের নেতৃত্বে টহল দল জাদিমুড়া নাফনদী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এমন সময় একটি কাঠের নৌকা জাদিমুড়া মন্দির থেকে ৭০ মিটার পূর্বে নাফনদী দিয়ে বাংলাদেশ প্রবেশের সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপর গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত মাদক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড গুলির খোসা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। মরদেহটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা করা হচ্ছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *