দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লা-৯ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি। কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে বাকি ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোঃ মিজানুর রহমান চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মীর মোঃ আবু বকর সিদ্দিক।
অপরদিকে,১% ভোটারে ত্রুটি থাকায় বিএনপির প্রার্থী মোঃ আবুল কালামের ছেলে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ আবুল কাশেম, অসম্পূর্ণ হলফনামার কারণে খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান ও জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামালের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র মোহাম্মদ আলী ও মোঃ নাছির উদ্দিন মজুমদারসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেননি।

