নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার ফজরের নামাজের পর বিক্ষুব্ধ জনতা মাজারগুলো গুঁড়িয়ে দেয়।
গুড়িয়ে দেওয়া মাজারগুলো, হিয়াজোড়া টিপুর আস্তানা, টিপুর পিতার দয়াল আবুল কাসেম মাজার, হিয়াজোড়া গণী শাহ মাজার, তেতৈয়া মাজার, বাঘমারা দেওয়ান শাহ মাজার, ফতেহপুর পেটান শাহ মাজার, খাটাচৌ গ্রামের মাজার ও খাটাচৌ শাহ জালাল মাজার।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজারগুলোতে নিয়মিত ইসলাম বিরোধী কাজকর্ম পরিচালিত হয়ে আসছে।এ সব মাজারে রাত হলেই মাদকের হাট বসে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের জমজমাট আড্ডা জমে। ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। বিভিন্ন সময় বাধা দিলেও তারা এসব কর্মকাণ্ড থেকে সরে আসেনি। অবশেষে এলাকার বিক্ষুব্ধ জনতা মাজার নামের ভন্ডামি ও মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে গোলাম মহিউদ্দিন টিপু বলেন, সোমবার ভোররাতে অনেক লোক এসে মাজার গুড়িয়ে দিয়েছে। মাজারের গিলাফে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে আমাদের বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়। কিছুদিন পূর্বে আমার কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে আমি এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। আজকে যারা মাজার ও আমাদের বাড়িতে হামলা চালিয়েছেন দেশবাসীর কাছে তাদের শাস্তি দাবি করে বিচার দিয়ে গেলাম। আপনারা তাদের বিচার করবেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

