আন্তজাতিক ডেস্ক:-তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে।
ইউএসজিএস জানিয়েছে, ভূ-কম্পনটির উৎপত্তিস্থলে গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার। তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চল থেকে আঘাত হানে এটি।
তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। মূল ভূ-কম্পনটি আঘাত হানার প্রায় ১১ মিনিট পর আরেক দফায় আঘাত হানে ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে। ১৯ মিনিট পরে, ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি তীব্র আফটারশক অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং কেন্দ্র ছিল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক শহরে।
সানলিউরফাতে ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সেখানকার গভর্নর সালিহ আয়হান। মালতয়া, দিয়ারবাকির ও মালত্যা প্রদেশে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।
সূত্র: ব্লুমবার্গ, সিএনএন

