সংবিধানে জুলাই ঘোষণাপত্র স্থায়ীভাবে অন্তর্ভুক্তির প্রস্তাব

পোস্ট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ১

নিজস্ব প্রতিবেদক:-জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্র সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা, গণঅভ্যুত্থান কালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে এসব প্রস্তাব উঠে আসে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। পাশাপাশি হয়রানি ও আইনগত জটিলতা নিরসন এবং জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

গণঅভ্যুত্থান কালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাবও আসে। রাজনীতিতে নারীদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার বিষয়েও মতামত দেন অংশগ্রহণকারীরা।

আমন্ত্রিত অতিথিদের উত্থাপিত প্রস্তাবগুলো কমিটির বিবেচনার জন্য গ্রহণ করা হয়েছে। বৈঠকের আলোচনার বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়।

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক, সাকিলা ফারজানাসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *