বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস

পোস্ট এর সময় : ১১:০২ পূর্বাহ্ণ , ভিজিটর : ২৩

ক্রিড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস। সবশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে টাইগারদের মুখোমুখি হয়েছিল তারা। তবে এরপর আর মুখোমুখি হয়নি দুই দল। যদিও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলেছিল ডাচরা, কিন্তু সেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ পড়েনি। 

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে পাঁচবার, যেখানে চারবার হেরেছে নেদারল্যান্ডস, জয় পেয়েছে মাত্র একবার। তবুও ৩০ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

নেদারল্যান্ডস কোচ রায়ান কুক মনে করেন, টি-টোয়েন্টি এমন এক ফরম্যাট যেখানে যে কোনো দল চমক দেখাতে পারে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটে সবাইকেই হারানো সম্ভব। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে, তবে সেই ম্যাচগুলো তাদের দুর্বলতাও চোখে আনে। আমরা আত্মবিশ্বাসী যে এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। জানি, বাংলাদেশ আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’

যদিও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল নেদারল্যান্ডস, তবুও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাওয়া জয়ের অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। কুক বলেন, ‘অবশ্যই, বাংলাদেশের ঘরের মাঠে খেলা কঠিন। তবে আমরা যদি বিশ্বাস না করতাম জিততে পারব, তাহলে আসতাম না। বিশ্বকাপে একই গ্রুপে পড়লে আমরা অবশ্যই তাদের হারাতে চাইব। আমাদের যা শক্তি আছে সেটাই কাজে লাগিয়ে আমরা এগোতে চাই। আর আমরা বিশ্বাস করি, বাংলাদেশকে হারানো সম্ভব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *