নিজস্ব প্রতিবেদক: লাকসাম ও মনোহরগঞ্জে কোন জবর দখল, বেআইনি বা অসামাজিক কার্যকলাপ হলে ভিডিও ক্লিপ বা নিউজ করে আমার কাছে পাঠাবেন। আমার নজরে আসা মাত্রই ব্যবস্থা নেব। আমার দলের কেউ এসব কাজের সাথে জড়িত থাকলে তা ফলাও করে প্রচার করবেন। আমরা সংবাদপত্রের কণ্ঠরোধ রোধ করবো না।
দৈনিক দিনকাল পত্রিকার ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার লাকসামে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।
শুক্রবার (১৮ এপ্রিল) লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে দৈনিক দিনকালের লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধিদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক দিনকালের লাকসাম প্রতিনিধি ওমর ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ প্রতিনিধি জি এম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের জীবন সম্পাদক সফিকুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুন্নবী চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক এমএস দোহা, লাকসাম প্রেসক্লাবের সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, এম এ মান্নান,সাংবাদিক মোঃ মিজানুর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।
অনুষ্ঠানে লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দৈনিক দিনকালের চার দশকের সাংবাদিকতার পথচলা, গণমাধ্যমে এর ভূমিকা এবং নানা প্রতিকূলতার মধ্যেও সংবাদ প্রকাশের ধারাবাহিকতা তুলে ধরেন। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটির আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
পরে অতিথি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেক কেটে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

