বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন দুই ব্যাংক কর্মকর্তা। তারা হলেন- আইএফআইসি ব্যাংক মতিঝিল শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার আবু নাছের ও স্টাফ অফিসার গোলাম সরোয়ার। এ নিয়ে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
সোমবার (২৭ মে) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুবের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ জুন দিন ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের সময় মওদুদ আহমদ আদালতে উপস্থিত ছিলেন। মওদুদের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, দাখিল করা হিসাব বিবরণীতে জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়- এমন সাত কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জনসহ চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে।
একই বছরের ১৬ সেপ্টেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মওদুদের বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের ১৪ মে মওদুদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৭ সালের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৬ অভিযোগ গঠন করেন।

