গাজীপুরের টঙ্গীতে র্যাবের একটি টহল দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (২৯ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্লেড বাবু (২৮) ও নেংড়া নান্নু (৩০)। ব্লেড বাবু উত্তরার কোট বাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা আকবরের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে।
এ ঘটনায় র্যাবের এক সদস্য গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, র্যাব-১ এর একটি টহল দল টঙ্গীসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল ছিনতাইকারী টঙ্গী ব্রিজের উপর অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করছিল। পরে র্যাব-১ সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে ব্রিজের নিয়ে চলে যায়।
একপর্যায়ে র্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে ব্রিজের নিচে গেলে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র্যাবের গুলিতে ছিনতাইকারী ব্লেড বাবু ও নেংড়া নান্নু গুলিবিদ্ধ হয় এবং ছিনতাইকারী অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৭টি মোবাইল, ২টি সুইছগিয়ার, ৬টি গ্যাস লাইট ও গুলির খোসা উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

