কিলোমিটার প্রতি ১৮-২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর সুপারিশ

পোস্ট এর সময় : ১০:১৫ অপরাহ্ণ , ভিজিটর : ৭

নিজস্ব প্রতিবেদক:-জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে সিটি সার্ভিসের বাসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে জ্বালানি তেলের বাড়তি দামের পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেয়া হয়েছে। এখন সুপারিশটি সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। তবে কমিটির আলোচনায় এর চেয়ে কম হারে ভাড়া সমন্বয়ের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গতকাল রোববার রাতে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দরে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে আজ থেকে।

বাস পরিবহনে প্রধানত ডিজেল ব্যবহৃত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে পরিচালন ব্যয়ে। এ ব্যয় সমন্বয়ের অংশ হিসেবেই নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছে।

চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়।

এবারের প্রস্তাব কার্যকর হলে এপ্রিলের পর কয়েক মাসের ব্যবধানেই আবার বাড়বে বাসভাড়া। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নতুন ভাড়ার হার কার্যকর হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *