নিজস্ব প্রতিবেদক:-জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেলে বা কেউ ডোপ টেস্ট দিতে অস্বীকৃতি জানালে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান করার বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনির করা রিটে নির্বাচনে প্রার্থী হতে হলে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ডোপ টেস্টের সনদ নেওয়ার বিধান চালুর দাবি জানানো হয়। এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের আবেদনও করা হয়েছে।
আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, জনপ্রতিনিধিদের মাদকমুক্ত ও সুস্থভাবে দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করতে প্রার্থীদের জন্য ডোপ টেস্টের বাধ্যবাধকতা থাকা প্রয়োজন।
তবে সোমবারের আদেশে হাইকোর্ট শুধু রুল জারি করেছেন; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে।

