এবার সংবাদ সম্মেলনে ইমন, ‘সেট হলে বড় খেলতে হবে’

পোস্ট এর সময় : ১২:১৭ অপরাহ্ণ , ভিজিটর : ১৭

ক্রিড়া প্রতিবেদক : কলম্বোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এখন সিরিজে চোখ বাংলাদেশের। মঙ্গলবার পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে এলেন আগের ম্যাচে ৬৭ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন। দলের অধিনায়ক মেহেদী হারান মিরাজ প্রথম ওয়ানডে ম্যাচের আগের দিন এসেছিলেন সংবাদ সম্মেলনে।

সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়কের না আসাটা অনেককে হয়তো অবাক করেছে।

ইমন সিরিজ জয় নিয়ে বলেন, ‘সিরিজ আমাদের বড় সুযোগ, কালকের ম্যাচ জিতলে ভালো একটা সিরিজ জেতা হবে। সবার মধ্যে আবারও আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা সর্বশেষ ম্যাচ জেতার পর সবার মধ্যে ওটা তৈরি হচ্ছে, সবাই হাসিখুশি আছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কালকের ম্যাচটা জেতার, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ইমন খেলতে নামেন ওপেনার হিসেবে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ইনিংসে সুযোগ ছিল যতটা সম্ভব ইনিংস লম্বা করার। এ নিয়ে বাঁ-হাতি এই ব্যাটার বলেন, ‘আমরা লম্বা করতে পারিনি যেটা সত্যি। আউট হওয়ার পর আমার মধ্যে অনেক খারাপ লাগা কাজ করতেছিল, হয়তোবা সেট হয়ে গেছি। উইকেট ভালো ছিল, ওটা একশো করা যেত। আউট হওয়ার পর খারাপ লাগতেছিল। হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়েছে। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হচ্ছে, সবাই বলতেছে যে আমরা যদি সেট হই, তাহলে আমাদের বড় খেলতে হবে।’

ইমন জানালেন তিনি ফলো করতেন তামিম ইকবালের ব্যাটিং। দেখতেন বিরাট কোহলির খেলাও। এখন কার ব্যাটিং দেখেন সেটাও জানালেন তিনি। ‘চেষ্টা করি আসলে পরিস্থিতি অনুযায়ী খেলার। তামিম ভাইর খেলা ফলো করতাম অনেক, বিরাট কোহলিও অনেকটা শেষের দিকে। এখন ট্রাভিড হেডের খেলা ফলো করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *