রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের চরম উসকানি ও সংকটের মধ্যেও বাংলাদেশ এই পরিস্থিতিতে নৈরাজ্য ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে দেয়নি বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ মে) টোকিও’র হোটেল ইমপেরিয়ালে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক নিকেই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।
সম্মেলনে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চরম উসকানি ও সংকেটের মধ্যেও আমরা সংলাপ এবং ঐকমত্য চেয়েছি। আমাদের অঞ্চলসহ বিশ্বের অন্যান্য সংকটময় পরিস্থতিতে বিশ্ব শান্তি, মানবতা ও উন্নয়নের জন্য সংঘাত এড়ানো এবং ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে এটি শিক্ষণীয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চরম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জাতি হিসেবে আমরা জোর করে বিতাড়িত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি। আমরাই শুধু মানবতার ডাকে সাড়াই দিইনি, আমরা এই সচেতনতার সঙ্গে সংকটটিকে নৈরাজ্য ও আঞ্চলিক অস্থিতিশীলতায় বাড়তে দিইনি।
উদীয়মান এশিয়ার অগ্রগতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় আমাদের দিকে তাকাচ্ছে। উদীয়মান এশিয়া বিশ্বকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, নতুন করে গড়ে তুলবে।

