নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালনা মোড়ে মহাদেবপুর-নজিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, উপজেলার কালুশহর থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি বিজয়পুরের দিকে ফিরছিলেন। পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কালনা মোড়ে রাস্তার নিচে তারা গুরুতর অবস্থায় পড়ে থাকে।
নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৮), গোলাম রসুলের ছেলে রোহানী (১৮) এবং দুলাল হোসেনের ছেলে শরিফ উদ্দিন (১৭)। তারা সবাই এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থলেই দুই বন্ধু রোহানী ও শরিফ উদ্দিন মারা যান। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

